দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় আইইএলসি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইইএলসি নওগাঁ এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
দ্য মিডিয়া ইন বাংলাদেশ ইজ ফ্রি অ্যান্ড ইন্ডিপেনডেন্ট বিষয়ে প্রতিষ্ঠানের বালক ও বালিকা দল চূড়ান্ত পর্বের বিতর্কে অংশ নেয়। এতে বালিকা দল বিজয়ী হয়। বিতর্ক শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের বক্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দশম শ্রেণির শিক্ষার্থী সৌদিয়া বলেন, এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে নতুন অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি। এটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা। ভবিষ্যৎ জীবনে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারব বলে বিশ্বাস করি।
আরেক শিক্ষার্থী মোহাম্মদ ইয়া নওসাফ বলেন, প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এ প্রতিযোগিতার মাধ্যমে অনেক কিছু শিখেছি। আমাদের দল হেরে গেলেও ভবিষ্যতে ভালো কিছু করার আশা রাখি।
আইইএলসি নওগাঁর পরিচালক রাকিবুল হাসান রাকিব বলেন, নওগাঁর শিক্ষার্থীদের ইংরেজির প্রতি দুর্বলতা রয়েছে। বিষয়টি উপলব্ধি করে দুই বছর আগে আইইএলসির যাত্রা শুরু হয়। এ সময়ে প্রায় ৩০০ শিক্ষার্থীকে ইংরেজি শিক্ষায় দক্ষ করে তোলা হয়েছে। প্রতি ছয় মাস পরপর একটি করে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান সমৃদ্ধ করার সুযোগ পায়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, সরকার প্রতিটি শ্রেণিতে তিনটি করে সহশিক্ষা ক্লাব চালুর ঘোষণা দিয়েছে। এর মধ্যে ইংরেজি ভাষা শিক্ষার ক্লাবও রয়েছে। আজকের বিতর্কটি তাঁর কাছে চমৎকার লেগেছে। আগামীর পৃথিবীতে ইংরেজি ভাষা শিক্ষা ছাড়া অগ্রগতি সম্ভব নয়। তাই মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষায় আরও এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন ইসলাম বিন দোহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএস/